জাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালাগালি ও মারমুখী আচরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই ঘটনায় পৃথক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের জাবি শাখা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, গত ১৭ মে সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে দায়িত্ব পালনরত সাংবাদিকদের কয়েকজন শিক্ষার্থীর দ্বারা গালাগালি ও শারীরিকভাবে আঘাতের হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমকে কমিটির সভাপতি করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার পৃথক বিবৃতিতে বিভিন্ন ছাত্রসংগঠন ঘটনাটিকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করে।
জাবি ছাত্রদল নেতারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।
জাতীয় ছাত্রশক্তি অভিযোগ করে, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মব’ তৈরির চেষ্টা করা হয়েছে। তারা জড়িতদের শাস্তি ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানায়।
ছাত্রশিবিরের নেতারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও উসকানিমূলক আচরণ স্বাধীন সাংবাদিকতার নীতির বিরুদ্ধে। তারা নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৭ মে প্রক্টর অফিসের সামনে সাংবাদিকরা ভিডিও ধারণ করলে কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্দেশে গালাগাল ও অসৌজন্যমূলক আচরণ করেন।


























