তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইতালিতে কর্মরত বাংলাদেশিরা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এ সময় তিনি সমুদ্রপথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টিও তুলে ধরেন।
তথ্যমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে ইতালিকে বৈধ পথে আরও বেশি বাংলাদেশি অভিবাসী গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জানান, গত এক বছরে বাংলাদেশ থেকে ২০ হাজার মানুষ ইতালিতে অভিবাসী হয়েছেন।





















