ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ
ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা একটি মামলায় ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপির (NCP) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলন শুরুর আগেই গ্রেপ্তার
জানা গেছে, ছাত্রদলের করা মামলার বিষয়ে নিজ অবস্থান তুলে ধরতে রোববার সন্ধ্যায় ওই মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন তারেক রেজা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সূত্রপাত ও পাল্টাপাল্টি মামলা
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে (শুক্রবার) ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজের পর এনসিপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার পর এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে স্থানীয় ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এর জেরে পরের দিন শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ এনসিপির ২২ জনকে আসামি করে একটি পাল্টা মামলা দায়ের করেন। ছাত্রদলের নেতার দায়ের করা ওই মামলাতেই রোববার সন্ধ্যায় গ্রেপ্তার হলেন তারেক রেজা।





















