পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় ২৪ জনের প্রাণহানি: প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জনের প্রাণহানি এবং নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। এই মর্মান্তিক ও প্রাণঘাতী ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) এক বিশেষ শোকবার্তায় প্রধানমন্ত্রী এই সমবেদনা জ্ঞাপন করেন।
সন্ত্রাসবাদের তীব্র নিন্দা ও সংহতি প্রকাশ
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। যেকোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণ পাকিস্তানের জনগণের পাশে রয়েছে।”
কোয়েটায় জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৪ মে) সকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ‘জাফর এক্সপ্রেস’ নামের একটি শাটল ট্রেন লক্ষ্য করে এই শক্তিশালী বোমা হামলা চালানো হয়। জানা গেছে, ট্রেনটি স্থানীয় সেনানিবাস এলাকা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই বিকট বিস্ফোরণের শিকার হয়।
এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৮২ জন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





















