গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন কিংবা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গুম, খুন ও আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা এবং ঈদ উপহারসামগ্রী তুলে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বজনদের খোঁজখবর ও সহমর্মিতা প্রকাশ
অনুষ্ঠানে গুম, খুন ও শহীদ হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে তাঁদের বর্তমান অবস্থা, পারিবারিক সংকট এবং নানা সমস্যার কথা শোনেন ও সান্ত্বনা দেন।
‘ত্যাগীদের পরিবার কখনো একা নয়’
সহায়তা প্রদানকালে উপস্থিত নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে আমিনুল হক বলেন, “আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনো একা নয়; বিএনপি সবসময় তাঁদের পাশে থাকবে।”
ঈদের আনন্দ ভাগাভাগি করার এই উদ্যোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “যাঁরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা গুম ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। ঈদের আনন্দ যেন তাঁদের ঘরেও পৌঁছায়, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই সামান্য উদ্যোগ।”





















