সরকারি কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী
বেঙ্গল আই ডেস্ক | জাতীয় ও রাজনীতি
সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা
রুহুল কবির রিজভী বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা দায়িত্বশীলভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে ঘুরে কাজ করছেন। দিন-রাত কাজ করার পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই দেখছেন প্রধানমন্ত্রী।
সরকারের পাঁচ মাসের কার্যক্রম নিয়ে বই
সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ বইটিতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, উদ্যোগ ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও বইটিতে রয়েছে।
বই পড়ার গুরুত্ব তুলে ধরলেন রিজভী
বই পড়ার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বই মানুষের জ্ঞানের আলো বাড়ায়। বই না পড়লে মানুষের মনের জগত ও বাইরের জগত—দুটিই অন্ধকার থেকে যাবে।
তিনি বলেন, বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে মানুষ নতুন কিছু শিখতে ও আবিষ্কার করতে পারে।
অপপ্রচার প্রসঙ্গে যা বললেন
সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে রিজভী বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সরকারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই বই তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও জনগণের প্রতি তার নিবেদনের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ এই গ্রন্থ গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা আরও বিস্তৃত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের বিস্তারিত বিবরণ বইটিতে পাওয়া যাবে।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।





















