শহীদ মিনারে গু*লি*বিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭ নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পথচারীরা আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম সিহাব হোসেন, তার বাড়ি খুলনায় বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


























