চট্টগ্রামে প্রধান ঈদ জামাত হবে জমিয়তুল ফালাহ মাঠে
চট্টগ্রাম নগরীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়। চাঁদ দেখার ওপর নির্ভর করে শুক্র বা শনিবার ঈদ উদযাপিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। এতে মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করবেন।
বুধবার দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এই মাঠে মেয়র, মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামাজ আদায়ের কথা রয়েছে। এটি নগরীর সবচেয়ে বড় ঈদ জামাত হিসেবে পরিচিত।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামের পাশের জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মুহাম্মদ নুরুন্নবী। জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া কমিটির আওতাধীন নগরীর আরও ৯৪টি আঞ্চলিক ঈদগাহে স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এসব জামাতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, প্রধান জামাতের পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডেও বিভিন্ন স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।


























