৮ মিনিটেই ৩ হাজার রিঅ্যাক্ট! জন্মদিনে চমক দিলেন শাকিব খান
এ এইচ রানা । বিনোদন ডেস্ক
‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ থেকে ‘প্রিন্স’—সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশন ঘরানায় ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন শাকিব খান। তবে ভক্তদের অনেকদিনের অপেক্ষা ছিল ‘নতুন শাকিব’-কে দেখার। সেই অপেক্ষার ইঙ্গিত মিলল তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুকে।
শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিন উপলক্ষে সকাল ১১টার দিকে প্রকাশ করা হয় সিনেমাটির প্রথম লুক। আর প্রকাশের মাত্র ৮ মিনিটের মধ্যেই পোস্টটিতে প্রায় ৩ হাজার রিঅ্যাক্ট পড়ে—যা ভক্তদের উচ্ছ্বাসই স্পষ্ট করে।
ফার্স্ট লুকে দেখা যায়, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব খান। পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স, আর পুরো শরীরে ট্যাটু—পেছনে ভেসে উঠেছে ‘রকস্টার’ নামটি। পুরো লুকেই একেবারে ট্রেন্ডি, আধুনিক রকস্টার ইমেজ ফুটে উঠেছে।
নির্মাতা আজমান রুশো জানান, এই সিনেমায় শাকিব খানকে একদম ভিন্নভাবে উপস্থাপন করা হবে। তিনি বলেন, ‘এখানে শাকিব একজন রক মিউজিশিয়ান—নিজেই গান লেখেন, নিজেই সুর করেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে একেবারে আধুনিক এক চরিত্র তৈরি করা হয়েছে।’
জানা গেছে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা-কে।
‘রকস্টার’-এর গল্প করেছেন আজমান রুশো নিজেই। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।
সব মিলিয়ে জন্মদিনে ভক্তদের জন্য দারুণ এক চমকই এনে দিলেন শাকিব খান।


























