‘রাক্ষস’-এর গানে প্রশংসা কুড়াচ্ছেন ঈশিকা
এ এইচ রানা । বিনোদন ডেস্ক
ঈদে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমার গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। গানটির দুটি সংস্করণ থাকলেও সফট সলো ভার্সনে তার কণ্ঠই বেশি প্রশংসা পাচ্ছে। ইতোমধ্যেই গানটি শ্রোতা-দর্শকের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সিনেমায় পুরো গানটি ব্যবহৃত হওয়ায় এটি আলাদাভাবে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছে।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ঈশিকা বলেন, সফট ভার্সনটি তার কাছে খুবই বিশেষ। গত ২৫ তারিখ আলাদাভাবে গানটি প্রকাশের পর থেকে তিনি শ্রোতা-দর্শকদের কাছ থেকে সরাসরি ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন। এমনকি সিনেপ্লেক্সে গিয়ে অনেক দর্শক তার গানের প্রশংসা করেছেন বলেও জানান তিনি। এ জন্য তিনি ইমরান মাহমুদুলসহ ‘রাক্ষস’ টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে আরও বড় পরিসরে জনপ্রিয়তা পাবে।
এর আগে ‘কাজল রেখা’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন হুমায়রা ঈশিকা। ওই সিনেমার ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। এছাড়া ইমরান মাহমুদুলের সঙ্গে গাওয়া ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে।
বগুড়ায় জন্ম নেওয়া এই শিল্পীর সংগীতে যাত্রা শুরু হয় মাত্র সাড়ে তিন বছর বয়সে। ‘ক্ষুদে গানরাজ ২০১৬’-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। পাশাপাশি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩’-এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং ‘বিআইএফএ অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি অর্জন করেন। বর্তমানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।


























