রোনালদোর পথে হাঁটলেন মেসি, সামনে কি ক্লাব লড়াই?
বিশ্ব ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে ক্লাব মালিকানায়। গত ফেব্রুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো একটি ক্লাবের শেয়ার কেনার ঘোষণা দেওয়ার পর এবার একই পথে হাঁটলেন লিওনেল মেসি।
স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেলা-র শতভাগ মালিকানা কিনে নিয়েছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার কাটানোর পর একই শহরের একটি ক্লাবে বিনিয়োগ করলেন তিনি।
এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরার অংশীদার হন। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—আগামী দিনে কি মেসি ও রোনালদোর ক্লাবের মধ্যে সরাসরি লড়াই দেখা যাবে?
সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোপা দেল রে প্রতিযোগিতায় দুই দল মুখোমুখি হতে পারে। এছাড়া ভবিষ্যতে পারফরম্যান্সের ভিত্তিতে একই ডিভিশনে উঠে এলে নিয়মিত লড়াইয়ের সম্ভাবনাও তৈরি হবে।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, বায়াক্স লোব্রেগাত অঞ্চলের এই দলটির নতুন মালিক এখন লিওনেল মেসি। স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিভা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই বিনিয়োগ করেছেন তিনি।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি অতীতে বেশ কিছু চমক দেখিয়েছে। বিশেষ করে ২০২১ সালের কোপা দেল রে’তে শক্তিশালী দলকে হারিয়ে আলোচনায় আসে তারা। বর্তমানে নিজেদের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রয়েছে দলটি।
উল্লেখ্য, ক্লাব মালিকানায় এটি মেসির প্রথম উদ্যোগ নয়। এর আগে তিনি লুইস সুয়ারেজ-এর সঙ্গে যৌথভাবে একটি ক্লাব পরিচালনায় যুক্ত ছিলেন। পাশাপাশি তরুণ ফুটবলারদের উন্নয়নে ‘মেসি কাপ’ নামের একটি টুর্নামেন্টও চালু করেছেন তিনি।


























