দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে নুসরাত জাহান
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে ঘিরে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার বাইরে এবার তিনি রেশন দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলব পেয়েছেন। তাকে আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশে গম রপ্তানি নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই এই তলব। অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাট আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
তবে নুসরাত কলকাতায় নয়, দিল্লিতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে। তিনি প্রায় পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিরহাট থেকে সংসদ সদস্য ছিলেন।
গত কয়েক বছরে তার ব্যক্তিগত জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে। অভিনেতা যশ দাশগুপ্ত-এর সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি রাজনীতিতে তার সক্রিয়তা কিছুটা কমেছে। সর্বশেষ লোকসভা নির্বাচনে তাকে আর মনোনয়ন দেওয়া হয়নি।
সক্রিয় রাজনীতিতে না থাকলেও পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট। বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাকে সামনের সারিতে দেখা যায়।
অন্যদিকে, তার স্বামী যশ দাশগুপ্ত একসময় বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে রাজনৈতিক কার্যক্রম থেকে অনেকটাই দূরে রয়েছেন।
বর্তমানে এই তারকা দম্পতি নিজেদের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের প্রযোজনায় ইতোমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। পারিবারিক জীবন ও সন্তানের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মাঝে মাঝে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠলেও, তা উপেক্ষা করে সম্প্রতি তারা বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন।


























