‘কোনো নারীই ট্রফি হতে চায় না’—প্রীতি জিনতার স্পষ্ট বার্তা
আইপিএল চলাকালে মাঠে প্রীতি জিনতার উপস্থিতি সবসময়ই নজর কাড়ে। দলের জয়-পরাজয়ে তার আবেগও স্পষ্টভাবে ফুটে ওঠে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্যক্তি তাকে পাঞ্জাব কিংসের ‘ট্রফি’ বলে মন্তব্য করলে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি।
একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রীতি জিনতা বলেন, এমন তুলনা প্রথমে প্রশংসা মনে হলেও আসলে তা নারীদের ছোট করে দেখায়।
তিনি স্পষ্টভাবে জানান, কোনো নারীই ‘ট্রফি’ হতে চান না। তার ভাষায়, ট্রফি কেনা যায় এবং তা কাঁচের আলমারিতে সাজিয়ে রাখা হয়, কিন্তু নারীর জায়গা সেখানে নয়। নারীর প্রকৃত স্থান মানুষের জীবন ও হৃদয়ে।
নারীর সম্মান ও মর্যাদা নিয়ে তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একজন সচেতন ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


























