নাহিদার অনন্য সেঞ্চুরি, তবু হার বাংলাদেশের
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্ভরযোগ্য স্পিনার নাহিদা আক্তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে স্পর্শ করলেন অনন্য এক মাইলফলক। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক হওয়া এই বাঁহাতি স্পিনার মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে শ্রীলংকার বিপক্ষে খেললেন নিজের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
মাইলফলকের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান তোলে শ্রীলংকা। দলের হয়ে হর্ষিতা সমরবিক্রমা ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ইমেশা দুলানি করেন ৪০ বলে ৫৫ রান এবং অধিনায়ক চামারি আতাপাত্তু যোগ করেন ৩০ বলে ৩২ রান।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ২ উইকেট। নাহিদা আক্তার ও মারুফা আক্তার নেন একটি করে উইকেট। নিজের ১০০তম ম্যাচে নাহিদা ৪ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।
এই ম্যাচের মাধ্যমে নাহিদা টি-টোয়েন্টিতে নিজের উইকেট সংখ্যা বাড়িয়ে দাঁড় করালেন ১১৬-তে, যা বাংলাদেশ নারী দলের হয়ে সর্বোচ্চ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি দুইবার ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন। তার সেরা বোলিং ফিগার ৮ রানে ৫ উইকেট, যা তিনি ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন।
তবে নাহিদার এই বিশেষ ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৭ রানেই থেমে যায় স্বাগতিকরা। ফলে ২৫ রানের জয় নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলংকা।

























