শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং কেন বন্ধ ছিল
ঢালিউড তারকা শাকিব খানের আলোচিত সিনেমা ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির পর থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছে। এবার সিনেমাটির শুটিং ও নির্মাণ নিয়ে নতুন তথ্য তুলে ধরেছেন সাবেক প্রযোজক খোরশেদ আলম খসরু।
একটি সেমিনারে তিনি দাবি করেন, সিনেমাটির শুটিং নির্ধারিত সময়ে শেষ হয়নি। শ্রীলংকায় ১৬ দিন অবস্থান করেও টিম শুটিং শেষ করতে পারেনি। এছাড়া ভারতে শুটিং চলাকালে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে ডাবিংও বন্ধ ছিল বলে তিনি জানান।
তার মতে, এসব সমস্যার কারণে পুরো প্রজেক্টে দেরি হয় এবং শেষ পর্যন্ত অসম্পূর্ণ অবস্থাতেই সিনেমাটি মুক্তি পায়। তিনি আরও বলেন, শুধু প্রযোজককে দায়ী করা ঠিক নয়, পুরো প্রক্রিয়ার ভেতরের জটিলতাও বিবেচনায় নেওয়া উচিত।
তিনি অভিযোগ করেন, সময়মতো কাজ শেষ না হওয়া, আর্থিক চাপ এবং ডাবিং বিলম্ব—এসবই সিনেমাটিকে সংকটে ফেলেছে। তার দাবি, প্রযোজক সমিতি সক্রিয় থাকলে এসব সমস্যা অনেক আগেই সমাধান করা যেত।
মুক্তির পর সিনেমাটি সাউন্ড, ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনসহ নানা কারণে সমালোচিত হয়। কিছু হলে প্রদর্শনীও বন্ধ ছিল। পরে শাকিব খান বিশেষ প্রদর্শনীতে দুঃখ প্রকাশ করেন।
অন্যদিকে পরিচালক আবু হায়াত মাহমুদ এসব অভিযোগকে গুজব বলে দাবি করেছেন।
নব্বইয়ের দশকের গ্যাংস্টার গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, দিব্যেন্দু ভট্টাচার্যসহ অনেকে।


























