উদ্বোধনের আগেই ধসে পড়ছে ২ কোটি টাকার নান্দনিক সেতু ও সড়ক
উদ্বোধনের আগেই ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা-নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের একটি নতুন সেতু প্রকল্প। প্রায় ২ কোটির বেশি ব্যয়ে নির্মিত সেতুটির এপ্রোচ ইতোমধ্যে ভেঙে পড়েছে, আর সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল ও মাটিধস।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক-এর অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ১২ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ২ কোটি ৩১ লাখ ৭১ হাজার ১১৬ টাকা। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে মেসার্স হারুন এন্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গেছে। সংযোগ সড়কের বিভিন্ন স্থানে বড় ফাটল ও গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের কার্পেটিংসহ বিভিন্ন অংশ ভেঙে পড়ছে, যা পুরো প্রকল্পটিকে ঝুঁকির মুখে ফেলেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এপ্রোচ নির্মাণেও নিম্নমানের খোয়া ও ইট ব্যবহার করা হয়েছে এবং যথাযথ ঢাল নিশ্চিত না করেই কাজ শেষ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় উদ্বোধনের আগেই সেতুর অংশ ধসে পড়া ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন বলেন, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে ঠিকাদারকে চূড়ান্ত বিল প্রদান করা হবে।


























