নির্বাচন ও বিপিএল ইস্যুতে গুরুত্বপূর্ণ সভায় বসছে বিসিবি।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গত মাসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়। নতুন এই কমিটির প্রধান লক্ষ্য আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করা।
আজ (বুধবার) দুপুর ২টায় বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ বোর্ড সভা। সভায় আসন্ন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এদিকে আজ থেকেই কাউন্সিলর ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে, যা চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সংক্রান্ত অভিযোগ নিয়েও চূড়ান্ত আলোচনা হতে পারে সভায়। দায়িত্ব নেওয়ার পর এটি তামিমদের চতুর্থ বোর্ড সভা হলেও, এবারের বৈঠকে নির্বাচন ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


























