রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না।
জরুরি উন্নয়নকাজের কারণে আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।
এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে দেওয়ানপাড়া, কাটাখালী, কাপাশিয়া, বনগ্রাম, মেহেরচন্ডি, পদ্মা আবাসিকসহ রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে এসব এলাকায় কাজ চলবে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।


























