‘মাঝে মাঝে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি’: শান্ত
ঐতিহাসিক এক জয়ে পাকিস্তানকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর পাশাপাশি সবশেষ তিন টেস্টেই জয় তুলে নিয়েছে টাইগাররা।
মঙ্গলবার ম্যাচের শেষ সেশনে পাকিস্তানকে অলআউট করে ১০৪ রানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচে বাংলাদেশের সাহসী সিদ্ধান্তও ছিল আলোচনায়। প্রথম ইনিংসে ৪১৩ রান করার পর পাকিস্তানকে ৩৮৬ রানে আটকে ২৭ রানের লিড নেয় বাংলাদেশ। এরপর পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি একাই নেন ৫ উইকেট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, দলের পরিকল্পনা ছিল আরও কিছু রান যোগ করার। তবে পরিস্থিতি বিবেচনায় সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি ছিল।
তিনি বলেন, “আমরা এখনো অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের মতো দল নই। কিন্তু আমাদের পাঁচজন ভালো বোলার আছে বলেই আমরা এমন ঝুঁকি নিতে পারছি।”
শান্ত আরও বলেন, টেস্ট ক্রিকেটে বড় দল হয়ে উঠতে হলে সাহসী মানসিকতা ধরে রাখতে হবে। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।


























