নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক শুরু
আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটিতে দুই দল মিলিয়ে হয় ১০ গোল। জয় না পেলেও লড়াকু পারফরম্যান্সে নজর কাড়ে বাংলাদেশের নারী হকি দল।
বিশ্ব র্যাংকিংয়ে চায়নিজ তাইপের অবস্থান ৫৫তম হলেও আন্তর্জাতিক র্যাংকিংয়ে এখনো নাম ওঠেনি বাংলাদেশের। তবুও শুরু থেকেই সমানতালে লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম গোল করেন আইরিন আক্তার। তবে এক মিনিট পরই সমতায় ফেরে চায়নিজ তাইপে।
এরপর দশম মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে দলকে আবারও এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা পাল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি।
দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় চায়নিজ তাইপে এবং ম্যাচে সমতা ফেরায়। তৃতীয় কোয়ার্টারে তারা ৫-৩ ব্যবধানে এগিয়েও যায়।
তবে হার মানেনি বাংলাদেশ। ৪০ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান কমান কনা আক্তার। এরপর ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিক পূর্ণ করেন অধিনায়ক অর্পিতা পাল।
শেষ পর্যন্ত ৫-৫ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক অভিষেকেই তাদের এই পারফরম্যান্স দেশের নারী হকির জন্য নতুন আশার বার্তা হয়ে দেখা দিয়েছে।


























