গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে রংপুরে কর্মসূচি
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি পুনর্লিখনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর শাখা।
মঙ্গলবার রংপুর টাউন হলের সামনে জুলাই চত্বরসংলগ্ন দেয়ালে ‘গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি’ পালন করা হয়।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও শিক্ষার্থীদের শিল্পকর্ম মুছে ফেলার চেষ্টা ইতিহাস বিকৃত করার শামিল। তারা এসব কর্মকাণ্ড বন্ধ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামবেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম ও মেহেদী হাসান মীমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


























