ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে
আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের বেলায় থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ফলে সকালে যে তাপমাত্রা থাকবে, দিনের দিকে গরমের অনুভূতি কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস প্রকাশ করেছে, সেখানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। আর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


























