সালমান শাহ হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ডনকে
বেঙ্গল আই ডেস্ক | বিনোদন ও ক্রাইম
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও খলনায়ক অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিনের বিরোধিতা করে সিআইডি
এর আগে আশরাফুল হক ডনকে জামিনে মুক্তি দিলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং তিনি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে—এমন কারণ দেখিয়ে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির প্রতিবেদনে বলা হয়, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছিল। জামিনে মুক্তি পেলে তিনি আবারও আত্মগোপনে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে তদন্ত সংস্থাটি।
বিমানবন্দরে আটক, পরে আদালতে
রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশরাফুল হক ডনকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
সিআইডি তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে এজলাসে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
সালমান শাহ হত্যা মামলার অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন—এমন অভিযোগ আনা হয়েছে।
আশরাফুল হক ডন এই মামলার এজাহারনামীয় আসামিদের একজন।
তদন্ত প্রতিবেদন দাখিল আটবার পিছিয়েছে
বর্তমানে আলোচিত মামলাটির তদন্ত করছে সিআইডি। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আটবার পিছিয়েছে।
সবশেষ আদালত আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।


























