অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
বেঙ্গল আই ডেস্ক | বিনোদন ও ক্রাইম
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সম্প্রতি সালমান শাহর মৃত্যু নিয়ে একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদের বক্তব্যে শাবনূরের নাম আসার পর দীর্ঘ এক ফেসবুক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দেওয়া ওই দীর্ঘ বার্তায় শাবনূর রিজভীর বিভিন্ন বক্তব্যকে পরস্পরবিরোধী, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেন। একই সঙ্গে সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলেও স্পষ্টভাবে জানান তিনি।
রিজভীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন শাবনূর
শাবনূরের দাবি, সালমান শাহর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড—এমন বক্তব্য দিয়ে একসময় রাজসাক্ষী হয়েছিলেন রিজভী আহমেদ ওরফে ফরহাদ। পরে বিভিন্ন সময়ে সালমান শাহর মৃত্যু নিয়ে তিনি ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।
শাবনূর বলেন, একই ব্যক্তি একই ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিলে তার সর্বশেষ বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। রিজভীর সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে এমন অসংগতিপূর্ণ বক্তব্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
‘আমার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না’
শাবনূর জানান, রিজভী আহমেদ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি নাকি শাবনূরকে ভালোবাসতেন এবং বিয়েও করতে চেয়েছিলেন। আবার অন্য একটি সাক্ষাৎকারে তাকে সাবেক প্রেমিকা হিসেবে দাবি করেছেন।
এমনকি ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে—রিজভীর এমন দাবিও তুলে ধরেন শাবনূর। তবে তিনি এসব বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করে প্রশ্ন করেন, তাদের কথিত বিয়ে কোথায় এবং কীভাবে হয়েছিল তার কোনো প্রমাণ আছে কি না।
শাবনূরের ভাষ্য অনুযায়ী, ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন এবং রিজভী আহমেদকে তিনি চিনতেনও না।
সালমান শাহকে ব্ল্যাকমেইলের অভিযোগ অস্বীকার
রিজভী আহমেদ শাবনূর সালমান শাহকে ব্ল্যাকমেইল করতেন—এমন অভিযোগ করেছেন বলে জানান অভিনেত্রী। শাবনূর এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি বলেন, রিজভীর নাম তিনি প্রথম শুনেছেন সালমান শাহর মৃত্যুর পর, যখন তিনি এই ঘটনায় রাজসাক্ষী হয়েছিলেন। ফলে তাকে কীভাবে এবং কোন ভিত্তিতে সালমান শাহকে ব্ল্যাকমেইলের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, সে প্রশ্নও তোলেন শাবনূর।
সালমান শাহ ও তার স্ত্রীকে নিয়ে কূটনামী বা একজনের কথা অন্যজনের কাছে লাগানোর অভিযোগও অস্বীকার করেন তিনি।
‘সালমান শাহর মৃত্যুর সঙ্গে আমার কোনো সংযোগ নেই’
নিজের বক্তব্যে শাবনূর স্পষ্ট করে বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। সালমান শাহ কীভাবে মারা গেছেন, সে বিষয়েও তার কোনো ধারণা নেই বলে জানান তিনি।
শাবনূর বলেন, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, তিনি ছিলেন তার অত্যন্ত প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ। তার অকাল মৃত্যু তাকে এখনও ব্যথিত করে বলেও জানান অভিনেত্রী।
নিরপেক্ষ তদন্তের দাবি
সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর।
তিনি বলেন, এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে তিনি এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
সালমান শাহ হত্যা মামলার তদন্তও চলছে
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের অক্টোবরে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তের পথ তৈরি হয়।
পরবর্তীতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
সম্প্রতি মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।


























