বাঁচা–মরার লড়াইয়ে বাবর ও আইয়ুবকে ছাড়াই একাদশ সাজাল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। চার ইনিংসে ১৫, ৪৬, ৫ ও ২৫—মোট ৯১ রান করেছেন বাবর আজম। তার ব্যাটিং গড় ২২.৭৫, আর স্ট্রাইক রেট মাত্র ১১২.৩৪—যা টি-টোয়েন্টির চাহিদার সঙ্গে মানানসই নয়।
সেমিফাইনালের সমীকরণ মেলাতে আজ নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে নেট রান রেটে টপকাতে হবে পাকিস্তানকে। সে জন্য শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলর বিপক্ষে অন্তত ৬৫ রানের জয় প্রয়োজন। বড় ব্যবধানে জিততে হলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দরকার—এই বিবেচনায় তারকা খ্যাতিকে পাশে রেখে বাবরকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় সুযোগ পেয়েছেন খাজা নাফে।
দলে আরও এসেছে চমক। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাইম আইয়ুবকেও রাখা হয়নি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। আর পেসার সালমান মির্জার জায়গায় প্রথমবারের মতো এই বিশ্বকাপে একাদশে ঢুকেছেন নাসিম শাহ।
চলতি আসরে আইয়ুব পাঁচ ম্যাচে বল হাতে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। পাঁচ ম্যাচে ১৪ গড়ে করেছেন মাত্র ৭০ রান।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), খাজা নাফে, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ ও উসমান তারিক।
শ্রীলঙ্কার একাদশ: কামিল মিশারা (উইকেটকিপার), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।


























