সাদামাটা জীবনযাপনে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান: নুরুল হক নুর
প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ ও সাদামাটা জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, সংকটময় সময়ে দেশের নেতৃত্বে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হলেও জীবনযাপনে তিনি অত্যন্ত সরল ও সাধারণ।
প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও তারেক রহমান প্রটোকল ছাড়া সড়কে চলাচল করেন এবং সাধারণ মানুষের মতো ট্রাফিক জ্যামেও অপেক্ষা করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর আরও বলেন, প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই নিয়মিত অফিসে যান, যা রাজনৈতিক সহকর্মীদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, রাজনীতি করতে হলে দেশের মানুষ ও তাদের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। দেশপ্রেম ও জনস্বার্থকে সামনে রেখে কাজ করাই হওয়া উচিত মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন— অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে থাকবেন। তার এই অবস্থান বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদেরও একই নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি।
গণ-ইফতার মাহফিলে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


























