বাবা ‘থর’ হলেও সন্তানদের কিছু যায় আসে না: ক্রিস হেমওয়ার্থ
পর্দায় তিনি হাতুড়ি হাতে বিশ্ব কাঁপানো মহাবীর ‘থর’। থর ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর মতো সিনেমায় তার উপস্থিতি মানেই দর্শকদের উন্মাদনা। কিন্তু নিজের ঘরে? সেখানে তার তারকাখ্যাতির আলাদা কোনো মূল্য নেই।
সম্প্রতি বিনোদন সাময়িকী পিপল-কে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস হেমসওয়ার্থ হাস্যরসের সঙ্গে জানান, প্রথমদিকে তার তিন সন্তান খুবই উত্তেজিত ছিল— তাদের বাবা যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘থর’! তবে সেই উত্তেজনা বেশিদিন স্থায়ী হয়নি।
তার ভাষায়, “ওরা প্রথমে ভেবেছিল বিষয়টি দারুণ। কিন্তু যখন বুঝল আমি বাস্তবে উড়তে পারি না, তখন থেকেই আমার প্রতি ওদের আগ্রহ কমে যায়।”
ক্রিস হেমসওয়ার্থ ও তার স্ত্রী, স্প্যানিশ অভিনেত্রী এলসা পাতাকি-র সংসারে তিন সন্তান রয়েছে— ১৩ বছর বয়সী কন্যা ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী যমজ পুত্র সাশা ও ট্রিস্টান। সন্তানদের বর্তমান মনোভাব নিয়ে অভিনেতা বলেন, “এখন ওদের অবস্থা এমন— ‘আহ বাবা, এসব বাদ দাও!’ আসলে ওরা এখন কিশোর বয়সে। ওদের কাছে আমি কেবলই বাবা, কোনো সুপারহিরো নই।”
পেশাগত ব্যস্ততা
দ্য কেবিন ইন দ্য উডস ও ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা-খ্যাত এই অভিনেতার নতুন সিনেমা ক্রাইম ১০১ গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। ব্রিটিশ নির্মাতা বার্ট লেটন পরিচালিত এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন মনিকা বারবারো, ব্যারি কিওগান ও হ্যালি বেরি।
বিশ্বজোড়া খ্যাতি থাকলেও সন্তানদের কাছে তিনি শুধুই ‘বাবা’— আর সেটাই যেন তার সবচেয়ে বড় পরিচয়।


























