ক্লাব বিশ্বকাপে ৪৮ দল চায় ফিফা, আপত্তি উয়েফার
আগামী জুন–জুলাইয়ে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে। এবার ক্লাব ফুটবলেও একই পথে হাঁটতে চায় ফিফা। সংস্থাটি ক্লাব বিশ্বকাপের দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করতে আগ্রহী হলেও ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছে।
সম্প্রতি ব্রাসেলসে উয়েফার সাধারণ সভায় উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে সুপার লিগ ও ক্লাব বিশ্বকাপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে ক্লাব বিশ্বকাপ কেবল মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হলেও ২০২৫ সালে প্রথমবার নতুন ফরম্যাটে ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়। সেই টুর্নামেন্ট সফল হওয়ায় এবার মূল বিশ্বকাপের মতো এটিকেও আরও সম্প্রসারণ করতে চাইছে ফিফা।
৫০ শতাংশ দল বাড়ানোর পরিকল্পনা
স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপের দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করতে চায়—অর্থাৎ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি। ২০২৯ সালের আসর স্পেন ও মরক্কোতে আয়োজনের ভাবনাও রয়েছে, যেহেতু ওই দুই দেশেই পরের বছর জাতীয় দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই এটিকে সম্ভাব্য ‘টেস্ট রান’ হিসেবে দেখছে ফিফা। তবে বিকল্প হিসেবে আবারও যুক্তরাষ্ট্রে আয়োজনের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।
উয়েফার আপত্তি
এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছে উয়েফা। সর্বশেষ ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে ১২টি দল অংশ নেয়, যা অন্য যেকোনো মহাদেশের তুলনায় বেশি। ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই ক্লাব—চেলসি ও পিএসজি, যেখানে চ্যাম্পিয়ন হয় চেলসি।
উয়েফার মতে, ইতিমধ্যেই সূচি অত্যন্ত ব্যস্ত; নতুন করে আরও ম্যাচ ও দল যোগ করলে খেলোয়াড়দের ওপর চাপ বাড়বে। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগেও অতিরিক্ত ম্যাচ যুক্ত হওয়ায় সমালোচনা হয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিসহ অনেকেই মৌসুম শেষে ফুটবলারদের ক্লান্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাই ক্লাব বিশ্বকাপে ৪৮ দল অন্তর্ভুক্তির বিষয়ে এখনই ইতিবাচক নয় ইউরোপীয় সংস্থাটি।


























