দুর্গন্ধ নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, আহত ভাই
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহিন জানান, প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে কলারোয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রুহুল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ইব্রাহিম ও রুহুল আমিনকে ছুরিকাঘাত করেন।
কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারজানা রহমান জানান, হাসপাতালে আনার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) ও মাতা শাহানারা খাতুন (৫৫)কে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত ইব্রাহিম এক সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে।


























