ফিগার নিয়ে কুরুচিকর মন্তব্যে বিব্রত শ্রাবন্তী, সাইবার ক্রাইমে অভিযোগ
শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মানসিক হেনস্তার অভিযোগ তুলে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবন্তী। অভিযোগ গ্রহণ করে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে তার ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিল একাংশ নেটিজেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। তবে শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—দিনের পর দিন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না। আমার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন এসেছে।”
সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে একজন ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, “ঠাকুমার চরিত্রে অভিনয়ের জন্য সেভাবেই প্রস্তুতি নিতে হয়। ঠাকুমার গড়ন ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। কিন্তু মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। দুঃখজনকভাবে শুধু পুরুষ নয়, নারীরাও এ ধরনের মন্তব্যে যুক্ত রয়েছেন।”
বর্তমানে সিরিজটির শুটিং শেষ হয়েছে এবং তিনি আবার শরীরচর্চা শুরু করেছেন বলে জানা গেছে।


























