‘আমি কবিতার মেয়ে ববিতা’— একুশে পদকে জয়ার স্মৃতিচারণা
চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি একুশে পদক পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
এই অর্জনে শোবিজ অঙ্গনসহ নানা মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
শৈশবের স্মৃতিচারণা করে জয়া লেখেন, ছোটবেলায় নাকি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পরে ঘুরে বেড়াতেন। কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন— ‘আমি কবিতার মেয়ে ববিতা!’ এমনকি তখন ‘কবিতা’ শব্দটিও ঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না— ‘ক-অ-বিতা!’
ববিতার অভিনয়গুণের প্রশংসা করে জয়া আরও উল্লেখ করেন, ববিতা আমাদের অভিনয়শিল্পের এক পাওয়ারহাউস। তার কাছ থেকেই শেখা— অভিনয় কীভাবে শিল্পে রূপ নেয়, একজন শিল্পী কীভাবে ব্যক্তিত্ব ও সৌন্দর্য বহন করেন। বহু দুর্বল সিনেমাও তার অভিনয়গুণে স্মরণীয় হয়ে আছে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারার বিকাশেও ছিল তার অসামান্য ভূমিকা।
পোস্টের শেষাংশে জয়া লেখেন, একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই সম্মাননা তাকে নতুন কিছু যোগ করেনি— দেশের সর্বোচ্চ পুরস্কারের বাইরেও তিনি সবসময় পেয়েছেন দর্শকের অকৃত্রিম ভালোবাসা। কিংবদন্তি এই অভিনেত্রীকে জানান আন্তরিক অভিনন্দন।


























