কসমেটিক সার্জারির পর ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সারের মৃত্যু
কসমেটিক অস্ত্রোপচারের কিছুদিন পর শারীরিক জটিলতায় ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার বিয়াঙ্কা দিয়াসের মৃত্যু হয়েছে। পরিবারের তথ্য অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মডেল ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত দিয়াস নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিগত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন ভ্রমণের ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন, যা ছিল তার শেষ অনলাইন আপডেট।
দিয়াসের বন্ধু জিওভান্না বোর্হেস জানান, সম্প্রতি তিনি কসমেটিক সার্জারি করিয়েছিলেন এবং প্রথমে বাসায় সুস্থ হয়ে উঠছিলেন। তবে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। বোর্হেসের ভাষ্য, ফুসফুসে রক্ত জমাট বাঁধার পাশাপাশি তার দুইবার খিঁচুনি হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে এবং খোঁজখবর নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পরিবার ও ঘনিষ্ঠজনরা সেখানে উপস্থিত ছিলেন।


























