নন-ক্যাডার ৬৭ পদে সরাসরি নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি
নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে মোট ৬৭টি পদে জনবল নেওয়া হবে। আগামী ১২ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৯ম গ্রেডে ৫৭ পদ
বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ম গ্রেডে সর্বোচ্চ ৫৭টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে— কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে বিভিন্ন বিষয়ে প্রভাষক (সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স, পদার্থ ও রসায়ন), ওয়ার্কশপ/ল্যাবরেটরি ইনচার্জ, ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন), টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে বিভিন্ন বিষয়ে লেকচারার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আনসার ও ভিডিপি হাসপাতাল, সফিপুর, গাজীপুরে মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরে সাইফার অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ) এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে গ্রন্থাগারিক পদও রয়েছে।
১০ম গ্রেডে ৯ পদ
১০ম গ্রেডে মোট ৯টি পদ রয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে হিসাবরক্ষণ কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজে ফিজিক্যাল এডুকেশন শিক্ষক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরে সহকারী সাইফার অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।
১১তম গ্রেডে ১ পদ
১১তম গ্রেডে মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটে ব্যক্তিগত কর্মকর্তা পদে একজন নিয়োগ দেওয়া হবে।
বয়স, ফি ও আবেদন পদ্ধতি
আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। প্রার্থীদের টেলিটক অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
৯ম ও ১০ম গ্রেডের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং ১১তম গ্রেডের জন্য ১৫০ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা
যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করা যাবে, তবে প্রতিটি পদের জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। আবেদনপত্রে স্থায়ী জেলার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে; ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নিতে চান, তাঁদের জন্য পিএসসি থেকে শ্রুতলেখক সরবরাহ করা হবে।
বিস্তারিত শর্তাবলি ও আবেদন সংক্রান্ত তথ্য জানতে পিএসসিরhttps://bengaleyetv.com/wp-content/uploads/2026/02/89813a2f-6345-4091-b0e5-4a0c5bb697af-1.pdf অফিসিয়াল
ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।


























