ইকরার মৃত্যুতে আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
মিরপুর ডিওএইচএসের বাসা থেকে স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, বিকেলে মামলার এজাহার আদালতে পৌঁছালে তা গ্রহণ করে নির্ধারিত তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকায় অবস্থিত বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও বাসা পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় শনিবার রাতেই পল্লবী থানায় মামলা করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
অভিনেতা যাহের আলভী এ ঘটনাকে আত্মহত্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ঘটনার সময় তিনি নেপালে শুটিংয়ে ছিলেন। তিনি লেখেন, হঠাৎ এভাবে স্ত্রী চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ঘটনার কারণ বুঝতে পারছেন না।
যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।


























