স্ত্রীর জানাজা ও দাফনে না আসা নিয়ে মুখ খুললেন আলভী
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ রোববার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয়। তবে শেষ বিদায়ের সময় আলভী উপস্থিত না থাকায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি।
এ ঘটনার প্রেক্ষিতে সোমবার (২ মার্চ) সন্ধ্যার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় ত্রিশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন আলভী। সেখানে ইকরার মৃত্যুকে ঘিরে নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

ভিডিওর ক্যাপশনে আলভী লেখেন, “কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন।” সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “গল্পের একটি পাতা পড়েই আপনারা বিচার করছেন। এক পাশ পড়ে অন্য পাশ না পড়লে পুরো সত্য বোঝা যায় না।”
তিনি জানান, সবকিছু গুছিয়ে বলার মতো মানসিক অবস্থায় তিনি নেই। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ভিডিওটি করেছেন।
দাফনে উপস্থিত না থাকার বিষয়ে আলভী বলেন, দেশে ফিরলে তার ওপর হামলা হতে পারে—এমন হুমকি তিনি পেয়েছেন। তার দাবি, বিমানবন্দরের বাইরে তার জন্য লোক রাখা হয়েছে বলেও তথ্য পেয়েছেন। “আমি দেশে আসা মাত্রই আমাকে মেরে ফেলা হতে পারে—এমন বার্তা পেয়েছি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমি যদি মারা যাই, তাহলে আমাদের সন্তান রিজিকের কী হবে? মা নেই, বাবাও থাকবে না—এটা কি আপনারা চান?”
ইকরার পরিবারের প্রসঙ্গে আলভী বলেন, তাকে শেষবার স্ত্রীকে দেখতে দেওয়া হয়নি। “১৬ বছর একসঙ্গে সংসার করেছি। ভালোবেসে বিয়ে করেছি। সে মারা গেছে, শেষবারের মতো তার মুখ দেখব না—এটা কি সম্ভব?”—প্রশ্ন তোলেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন ইকরা। সে সময় আলভী নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন। ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দেন তিনি।
ইকরার মৃত্যুর পর আলভীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। বিশেষ করে ইকরার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, আলভী এক সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জেরে দাম্পত্য কলহে জড়ান, যা ইকরার মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এ ঘটনায় আলভী ও তার মা-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি এখন তদন্তাধীন।


























