আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় শোবিজ অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন। ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সহশিল্পী ইফফাত আর তিথির সঙ্গে আলভীর ঘনিষ্ঠতার কারণেই নাকি পারিবারিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রমাণিত কোনো তথ্য এখনো সামনে আসেনি।
সম্প্রতি নেপাল থেকে দেশে ফিরেছেন মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আর তিথি। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, আলভীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এসব গুঞ্জনের প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
তিথি বলেন, আলভীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। একটি অফিসে সহকর্মীদের মধ্যে যেমন বন্ধুত্ব গড়ে ওঠে, তেমনই তাদের সম্পর্ক। তার ভাষ্য, “আমি আগেও বলেছি, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু। চার-পাঁচ বছর একসঙ্গে কাজ করলে ভালো বন্ধুত্ব হওয়াটা স্বাভাবিক।”
দেশে ফেরার প্রসঙ্গে তিথি জানান, সামাজিক মাধ্যমে যে দাবি করা হচ্ছে—আলভী নাকি স্ত্রীকে শেষবার দেখতে না এসে তাকে নিয়ে নেপালে ছিলেন—তা সঠিক নয়। তিনি বলেন, পুরো টিমের সঙ্গেই ২ মার্চ দেশে ফিরেছেন তারা।
ইকরার মৃত্যুর দিন নিয়ে তিথির বক্তব্য, সেদিনই দেশে ফেরার জন্য চেষ্টা করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে টিকিট না পাওয়ায় পরদিন ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফেরেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি দুপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামে একটি পুত্রসন্তান রয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।


























