২৫০ কোটি টাকার প্রস্তাব! ২৭ বছরের সংসার ভাঙার পথে থালাপতি বিজয়
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের বিচ্ছেদের খবর ঘিরে ভক্তদের মধ্যে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবনের পর আইনি পথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি বলে জানা গেছে। সম্প্রতি সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্স পিটিশনে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সেই অভিনেত্রীর সঙ্গে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং তাদের কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় পরিবারের সম্মান ও সন্তানদের মানসিকভাবে আঘাত লেগেছে বলে উল্লেখ করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় বিজয় বিষয়টি আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে মেটাতে আগ্রহী বলে জানা গেছে। পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি স্ত্রী সঙ্গীতা এবং তাদের দুই সন্তান— জেসন সঞ্জয় ও দিব্যা সাশা–কে মোট প্রায় ২৫০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। উভয় পক্ষ রাজি হলে ডিভোর্সের আইনি প্রক্রিয়া ভিন্নভাবে সমাধান হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
এদিকে সামাজিক মাধ্যমে বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণান–এর সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। নরওয়েতে একসঙ্গে দেখা যাওয়া এবং বিমানবন্দরে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে গুঞ্জন বাড়ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিজয় বা তৃষা কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ সময় ধরে তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন। তবে হঠাৎ করে বিচ্ছেদের এই খবর বিজয়ের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


























