এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সমুদ্রসৈকতকে কোনোভাবেই রোহিঙ্গা বস্তির মতো এলোমেলোভাবে গড়ে উঠতে দেওয়া হবে না।
সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী জানান, জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যেই সৈকতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। তিনি বলেন, কক্সবাজার দেশের অন্যতম গর্বের স্থান। এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা জরুরি।
সৈকতের ব্যবস্থাপনা উন্নত করতে নতুন করে একটি বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠনের কথাও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যটন এলাকা, প্রধান সড়ক এবং জনসমাগমপূর্ণ স্থানে ধাপে ধাপে এসব ক্যামেরা বসানো হবে বলে জানান তিনি।
এ সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দর চালুর বিষয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসক এম এ মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল সালাহউদ্দিন আহমদের প্রথম কক্সবাজার সফর। রোববার (৮ মার্চ) বিকেলে দুই দিনের সফরে নিজ জেলা কক্সবাজারে পৌঁছান তিনি।


























