এশিয়ান কাপে টানা তৃতীয় হার, স্বপ্ন ভেঙে দুঃস্বপ্ন বাংলাদেশের মেয়েদের
এশিয়ান কাপে টিকে থাকতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের মেয়েদের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা দেখাতে পারেননি ঋতুপর্ণা চাকমারা। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উজবেকিস্তান।
টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ শিবির থেকে এই ম্যাচটিকেই লক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। কারণ গ্রুপপর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে—এই সমীকরণে উজবেকিস্তানকে হারিয়ে সেই সম্ভাবনা দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি।
ম্যাচের শুরুটা অবশ্য আগের দুই ম্যাচের তুলনায় ভালোই করেছিল বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে শুরুতে আক্রমণে যেতে না পারলেও উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন আফঈদা খন্দকাররা। তবে ১০ মিনিটেই ডিফেন্সের ভুলে এগিয়ে যায় উজবেকিস্তান। ফরোয়ার্ড খাবিবুল্লায়েভার জোরালো শটে প্রথম গোলটি আসে।
এরপরও বাংলাদেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। ৩০তম মিনিটে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শক্তিশালী শট উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। ৪২তম মিনিটে তহুরা খাতুন ও কোহাতি কিসকুর সামনে গোলের সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তারা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও উল্টো গোল হজম করতে হয় বাংলাদেশকে। ৬২ মিনিটে উমিদা জোইরোভার পাস থেকে দিলদোরা নোজিমোভা সহজেই দ্বিতীয় গোল করেন। এর চার মিনিট পর পাল্টা আক্রমণ থেকে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করে উজবেকিস্তান।
৭০ মিনিটে উজবেকিস্তান আরও একটি গোল করলেও ভিএআর যাচাইয়ের পর তা বাতিল করা হয়। তবে শেষ পর্যন্ত ৮৮ মিনিটে নিলুফার কুদ্রাতোভার শটে চতুর্থ গোলটি করে ম্যাচের ফল ৪-০ নিশ্চিত করে উজবেকিস্তান।
এর আগে গ্রুপপর্বে চীনের কাছে ২-০ এবং উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে টানা তিন ম্যাচে হার নিয়ে এবারের এশিয়ান কাপ অভিযান শেষ করল পিটার বাটলারের শিষ্যরা।


























