এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি—আবেগঘন বার্তা সালমার
বাংলা সংগীত অঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন।
সম্প্রতি ফেসবুকে দেওয়া তার একটি আবেগঘন স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওই স্ট্যাটাসে অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি।
স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। নিজের স্বার্থ হাসিল হলে অনেকেই আপনাকে চিনবে না। সমাজে এমন মানুষের অভাব নেই।’
তিনি আরও লেখেন, মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনো কমে না, বরং আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অনেক সময় সম্পর্কে অর্থ বড় ভূমিকা রাখে।
সালমা বলেন, মানুষের উপকার করলে তা কখনো বৃথা যায় না। আল্লাহ এর প্রতিদান দেন। তবে তিনি এটাও মনে করিয়ে দেন যে পৃথিবীর সব মানুষ এক রকম নয়, যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান।
নিজের অভিজ্ঞতার আলোকে প্রিয়জনদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তাই প্রিয় মানুষদের বলি, ভেবে কাজ করবেন। কিছু মানুষ অন্যের কাঁধে ভর করে নিজের ভাগ্য পরিবর্তন করে এবং সমাজে এমনভাবে প্রকাশ করে যেন সে বড় কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝেই জীবন, বাকি সবই ফাঁকি।’
তবে এই স্ট্যাটাসটি কাকে উদ্দেশ করে লেখা, তা স্পষ্ট করেননি এই সংগীতশিল্পী। আবেগঘন ওই বার্তায় তিনি জীবনের নানা উপলব্ধির কথা তুলে ধরেছেন। স্ট্যাটাসের শেষ অংশে জীবনের ক্ষণস্থায়িত্বের বিষয়টিও উল্লেখ করেন সালমা।
তিনি লেখেন, ‘অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। সবাইকে একসময় আপন ঠিকানায় ফিরতে হবে। এত অহংকারের কিছুই নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, হায়রে দুনিয়া!’


























