নোরা ফাতেহির গানে অশ্লীলতার অভিযোগ, আইনি জটিলতায় ‘কেডি: দ্য ডেভিল’
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গান ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের গানটির কথা ও দৃশ্যায়নকে ‘অশ্লীল’ ও ‘দ্ব্যর্থবোধক’ আখ্যা দিয়ে ভারতে প্রতিবাদ শুরু হয়েছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গানটি এখন আইনি জটিলতায় পড়েছে। এ অবস্থায় নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড় সংস্করণ সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
গত ১৫ মার্চ গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ব্যাপক সমালোচনা শুরু হয়। গীতিকার রকিব আলমের লেখা গানের কথাকে অনেকেই ‘কুরুচিপূর্ণ’ এবং ‘অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন। এছাড়া গানে নোরা ফাতেহির নাচ এবং সঞ্জয় দত্তের অঙ্গভঙ্গিকে ‘উস্কানিমূলক’ ও ‘অশালীন’ বলে অভিযোগ উঠেছে।
এদিকে বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিকও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এই ধরনের বাণিজ্যিক গানকে ‘সংগীতের চরম অবনতি’ বলে মন্তব্য করেছেন।
বিতর্ক শুধু সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) গানটিতে আপত্তিকর কনটেন্ট ব্যবহারের অভিযোগে ইতোমধ্যে নোটিশ জারি করেছে।
সমাজকর্মী ও আইনজীবী বিনীত জিন্দাল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে গানটি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
এছাড়া দিল্লির সাইবার সেলে গানের নির্মাতা, গীতিকার ও সংগীতশিল্পীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা হয়েছে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএসএস) এবং পকসো (পওসিএসও) আইনের ধারা লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে।
পরিচালক প্রেম নির্মিত এই প্যান-ইন্ডিয়া সিনেমাটি ১৯৭০-এর দশকের বেঙ্গালুরুর আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাকশন ড্রামা। এতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, নোরা ফাতেহি, শিল্পা শেঠি ও যিশু সেনগুপ্তসহ আরও অনেকে।
ছবিটি আগামী ৩০ এপ্রিল মুক্তির কথা রয়েছে।


























