বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত একটি রাজনৈতিক দল, যা গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছেন এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্য নানা নির্যাতনের শিকার হয়েছেন। সবাই মিলে বর্তমান সরকারকে সহযোগিতা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুরের হিলিতে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যেকোনো অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সবসময় সোচ্চার থাকতে হবে এবং প্রশাসনকে জানাতে হবে। কারণ কিছু মানুষ সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এ জন্য বিএনপির নেতা-কর্মীদেরও সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
এর আগে তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক কুমার চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর থানার ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যান্যরা।


























