মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাস তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী তরমুজ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এ ঘটনা ঘটেছে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চলাচল স্বাভাবিক করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।


























