শপিংয়ে আগ্রহ কম, নিজেই জানালেন আসিফ আকবর
‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবামেই তিনি দেশজুড়ে সাড়া ফেলেন এবং অল্প সময়েই শ্রোতাদের ভালোবাসা অর্জন করেন। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে নিজের অবস্থান শক্ত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন তিনি।
সম্প্রতি এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, গিফট পাওয়ার ক্ষেত্রে তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন। ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার পর নতুন জীবন পাওয়ার কারণে পরিবারের সবার কাছে তিনি বিশেষ স্নেহ পান বলেও উল্লেখ করেন। পরিবারের প্রতিটি সদস্যের কাছ থেকে আলাদা ভালোবাসা পান তিনি, আর তার স্বভাব নিয়ে কেউ বেশি ভাবেন না বলেও জানান।
শপিং প্রসঙ্গে তিনি বলেন, গানে ক্যারিয়ার শুরু হওয়ার পর তার জীবনযাত্রায় পরিবর্তন এলেও কেনাকাটার অভ্যাস তৈরি হয়নি। নিজের বা পরিবারের জন্য কিছু কেনা তার পক্ষে কঠিন হয়ে যায়। তবে বিদেশে গেলে মাঝে মাঝে শপিং করেন। দামি জিনিসের প্রতি তার কোনো আকর্ষণ নেই, সাধারণভাবে চললেই তিনি সন্তুষ্ট—এমনটাই জানান এই গায়ক।
তিনি আরও জানান, সাউন্ডটেক চিফ সুলতান মাহমুদ বাবুল গত ২৫ বছর ধরে প্রতি ঈদে তার পরিবারকে উপহার দিয়ে আসছেন। এছাড়া ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব গুহ এবং বাংলাঢোলের এনামুল হকের কাছ থেকেও নিয়মিত উপহার পান। তার মামণি ফাতেমা প্রিসিলা নিউ ইয়র্ক থেকে আইফোন পাঠান বলেও উল্লেখ করেন তিনি।
শেষে আসিফ আকবর লেখেন, বন্ধু, ভাইবোন, ভক্ত, প্রেমিকা ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া উপহারেই তিনি পরিপূর্ণ। নেটিজেনদের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেউ কেউ মনে করেন তিনি যেন উপহারেই জীবন কাটিয়ে দিচ্ছেন। তবে এসব উপহারে ভালোবাসা ছাড়া আর কিছু নেই বলেও জানান। তাই তিনি মজা করে বলেন, নিজে গিফট কিনতে না পারায় অনেক সময় নিজেই উপহার হয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।


























