রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃ*ত্যু
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেলব্রিজে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী জিআরপি থানার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল (শাটল) ট্রেন কালুখালীর কালিকাপুর রেলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক রেলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সময় ছাদে থাকা যুবকের শরীর থেকে রক্ত ট্রেনের ভেতরে থাকা এক যাত্রীর ওপর পড়ে। বিষয়টি টের পেয়ে ওই যাত্রী তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।
পরে ট্রেনটি দুপুর ২টা ৩৫ মিনিটে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


























