লাকসামে চালককে হ*ত্যা করে অটোরিকশা ছি/ন/তা/ই
কুমিল্লার লাকসামে মোরশেদ আলম (২৪) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হ/ত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে তার মর/দেহ স্থানীয় একটি মসজিদের টয়লেট থেকে উদ্ধার করা হয়।
রোববার (২২ মার্চ) বিকালে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং মিয়াজী বাড়ি জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোরশেদ আলম পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁওয়ের ডাবুরিয়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় সোমবার (২৩ মার্চ) তার বাবা লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মসজিদে নামাজ পড়তে গিয়ে এক মুসল্লি টয়লেটের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে অন্যদের জানালে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
লাকসাম থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভাড়া নেওয়ার কথা বলে মোরশেদকে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


























