কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে গেইটম্যান গ্রেফতার
কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেইটম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত। তিনি জানান, মামলার অপর আসামি মেহেদী হাসানকে গ্রেফতারে অভিযান চলছে এবং হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মেইল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন।
এ ঘটনায় সোমবার লাকসাম রেলওয়ে থানায় গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে মামলা করা হয়।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দীন জানান, দায়িত্বে অবহেলার কারণে মৃত্যু সংক্রান্ত ৩০৪ ‘ক’ ধারায় মামলাটি নেওয়া হয়েছে।
মামলার বাদী শেফালী আক্তার বলেন, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ করতে দেশে এসে এই দুর্ঘটনায় প্রাণ হারান। একই ঘটনায় আহত তার স্ত্রী ও মেয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।


























