সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে সমালোচনায় পলাশ
এ এইচ রানা । বিনোদন ডেস্ক
সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ।
সাকিব ৩৯ বছর পেরিয়ে ৪০তম বছরে পা রাখলে তাকে শুভেচ্ছা জানান পলাশসহ অনেকে। একটি সেলফি পোস্ট করে তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের “গোট”কে জন্মদিনের শুভেচ্ছা।’
‘গোট’ শব্দটি সর্বকালের সেরা বোঝাতে ব্যবহৃত হলেও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে হাস্যরস ও সমালোচনা শুরু হয়। তবে তার চেয়েও বেশি আলোচনায় আসে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সঙ্গে পলাশের ছবি ও শুভেচ্ছা বার্তা।
পোস্টের পরপরই কমেন্টবক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই পলাশের এই পদক্ষেপে হতাশা প্রকাশ করেন।
একজন মন্তব্য করেন, ‘বাংলাদেশের স্বৈরাচারের দোসর সাকিব।’ আরেকজন লেখেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা জুয়ারির জন্মদিন।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনার কাছ থেকে এটা আশা করিনি।’ কেউ কেউ তার ব্যক্তিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি জিয়াউল হক পলাশ।


























