প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: জামায়াতকর্মী কারাগারে
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানা পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ঝনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি ফেসবুক পেজ থেকে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি জুড়ে বিকৃতভাবে একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি আজিজুল হক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট পেজটি থেকে নিয়মিত দেশ ও সরকারবিরোধী নানা কনটেন্ট প্রকাশ করা হচ্ছিল।
গ্রেপ্তার হওয়া আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, পুলিশ তাকে ৫৪ ধারায় আদালতে পাঠালে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে, উপজেলা জামায়াতের আমির শামসুল হক দাবি করেন, আজিজুল হক সংগঠনের কোনো নেতা নন, তিনি একজন সাধারণ কর্মী। বিষয়টি জানতে দলের নেতাকর্মীরা থানায় গিয়েছিলেন বলে তিনি জানান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় মামলা দায়েরের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যে সাইবার আইনে মামলার প্রস্তুতি চলছে।


























