ড্রাফটের আগেই দল পেলেন সাকিব
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ, বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন এক লিগে দল পেয়েছেন। সুইডেনের আসন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি’-তে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে খেলবেন তিনি।
জানা গেছে, সুইডেনে প্রথমবারের মতো বড় পরিসরে এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ। ছয় দলের এই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের পরিচিত ক্রিকেটারদের অংশগ্রহণ থাকবে।
এরই মধ্যে নিউজিল্যান্ডের টম ব্রুস ও ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের মতো তারকাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। তাদের সঙ্গে এবার যোগ দিলেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ সাকিব।
এই আসরে সাকিব খেলবেন ‘উপসালা টাইগার্স’ দলের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি জানায়, ড্রাফটের আগেই সবচেয়ে প্রত্যাশিত সাইনিং হিসেবে সাকিবকে দলে নিতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন শুরু হবে মাঠের লড়াই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুন। গ্রীষ্মকালীন মৌসুমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সংক্ষিপ্ত টুর্নামেন্ট।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল।


























